ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংক গঠিত বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল ‘স্টার্ট-আপ ফান্ড’-এর আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ প্রদানের জন্য ১৬টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় ব্যাংক, খবর বাসস।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকগুলোর পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সই করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক।
চলতি বছরের ৯ জুলাই বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করে। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ও চলতি মূলধন ঋণ নিতে পারবেন। নির্ধারিত শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে এই ঋণ প্রদান করা হবে।
এছাড়া ‘স্টার্ট-আপ ফান্ড’-এর আওতায় অংশীদার ব্যাংকগুলোর সমন্বয়ে একটি ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।
