ডেস্ক রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জুবায়দুর রহমান তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা ঘোষণায় তিনি জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে পাবলিক মার্কেটে মোট ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন।
ইসলামী ব্যাংকের শেয়ারের সমাপনী দর এদিন ছিল ৪২ টাকা ৮০ পয়সা। সে হিসেবে বিক্রির মোট অঙ্ক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা। এদিন ব্যাংকের শেয়ারদর ০.৪৭ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়।
জুবায়দুর রহমান গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বাংলাদেশ ব্যাংক তাকে ২৭ মার্চ পরিচালক হিসেবে মনোনীত করে এবং এপ্রিল মাসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ব্যাংকের শেয়ারহোল্ডিং রিপোর্টে প্রথমে তার নামে কোনো শেয়ার দেখা না গেলেও, জুলাই মাসের রিপোর্টে তার নামে ১ লাখ ৪৯ হাজার শেয়ারের মালিকানা নিশ্চিত হয়।
ব্যাংকের শেয়ার বিভাগের একজন কর্মকর্তা জানান, এসব শেয়ার এক দশকেরও বেশি আগে কেনা হয়েছিল। নথিপত্রের অসঙ্গতির কারণে তা আগের রিপোর্টে অন্তর্ভুক্ত হয়নি। পরে বিষয়টি সমাধান হয় এবং শেয়ারগুলো তার নামে নথিভুক্ত করা হয়।
এদিকে ব্যাংকটির আর্থিক অবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে ইসলামী ব্যাংক আগের বছরের তুলনায় ৮১ শতাংশ কম সমন্বিত নিট মুনাফা দেখিয়েছে। একই সময়ে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে, যেখানে ২০২৩ সালে তা ছিল মাত্র ৩ শতাংশ। এই নজিরবিহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকের ৬৯ হাজার ৭৭০ কোটি টাকার প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে এবং ২০২৪ সালে কোনো লভ্যাংশ ঘোষণা করা যায়নি।
চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ইসলামী ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে মাত্র ৬৭ কোটি ৪০ লাখ টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫৬ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ৪২ পয়সায়, যা এক বছর আগে ছিল ২.২২ টাকা।
