
ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে রোববার (১সেপ্টেম্বর) গভীর রাতে ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নানগারহার ও কুনার প্রদেশসহ আশপাশের এলাকায় অন্তত ৬২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে, পূর্ব-উত্তরপূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার, যা অগভীর হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুনার প্রদেশের একাধিক সূত্র জানিয়েছে, শত শত মানুষ মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। কুনারের পুলিশ জানায়, ভূমিধসের কারণে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে হচ্ছে শুধুমাত্র আকাশপথে।
তালেবান সরকারের এক কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কেবল একটি উপত্যকাতেই শত শত মানুষ হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।
ক্ষতিগ্রস্ত কিছু অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। অন্যদিকে ভূমিধস ও আকস্মিক বন্যায় অনেক এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মূল ভূমিকম্পের পর একাধিক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ভয়াবহ প্রাণহানি ঘটেছিল। সরকারি হিসাব অনুযায়ী সে ঘটনায় প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়। তবে জাতিসংঘ মৃতের সংখ্যা জানিয়েছিল প্রায় দেড় হাজার।
