ডেস্ক রিপোর্টঃ ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন নিশ্চিত করেছে।
ইয়েমেনের আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, এই হামলাটি রাজধানী সানার বাইরে চালানো আরেকটি পৃথক হামলা থেকে আলাদা। হামলার লক্ষ্য ছিল হুতি নেতাদের শীর্ষ বৈঠক, যেখানে অন্তত ১০ জন মন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।
তবে হামলায় মোট কতজন হতাহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, রাহাভি প্রায় এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। এন টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলবিরোধী হামলার অনুমোদন দিয়েছিলেন।
