
ডেস্ক রিপোর্ট: ভারতের সীমান্ত এলাকায় টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিনটি আন্তঃসীমান্ত নদীর (চেনাব, রাভি, সুতলেজ) পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশে থাকা তীররক্ষা বাঁধ নিয়ন্ত্রিতভাবে উড়িয়ে দিয়েছে।
বুধবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে পানির চাপ অত্যধিক বৃদ্ধি পাওয়ায় বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ ধ্বংস করা হয়। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, “বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করেছি, যাতে পানির চাপ কিছুটা কমানো যায়।”
ফরাসি গণমাধ্যম ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাঁধ উড়িয়ে দেওয়ার পর প্রবল বন্যায় বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে।
পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস পাঞ্জাব প্রদেশে। ভয়াবহ পরিস্থিতির কারণে নদীতীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
