নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেও সমর্থিত প্রার্থীদের জেতাতে পারেননি ইলন মাস্ক। ছবি: নিউইয়র্ক টাইমস
আর্ন্তজাতিক নিউজঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেছেন ইলন মাস্ক। তবে তার সমর্থিত অধিকাংশ প্রার্থী জয় পাননি। এতে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রচেষ্টায় ধাক্কা খেয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের। একই সঙ্গে টেক্সাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্যকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
বুধবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৪৪ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছেন মাস্ক। কোনো নির্বাচনে প্রার্থী না হয়েও এত বিপুল অর্থ ব্যয়ের ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড। এর মধ্যে শুধু টেক্সাসের নির্বাচনী প্রচার ও বিভিন্ন উদ্যোগে তিনি ব্যয় করেছেন ২০ কোটি ডলারের বেশি।
তবে এত অর্থ ব্যয় করেও নিজের পছন্দের প্রার্থীদের জয় নিশ্চিত করতে পারেননি মাস্ক। টেক্সাসের সিনেট নির্বাচনে কেন প্যাক্সটন এবং ওহাইওর গভর্নর নির্বাচনে বিবেক রামাস্বামীর মতো প্রার্থীরা পরাজিত হয়েছেন।
টেক্সাসের গভর্নর নির্বাচনের ফল মাস্কের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। সেখানে বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। অ্যাবটের সঙ্গে প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার বিদায়ের ফলে টেক্সাসে মাস্কের এআই তথ্যকেন্দ্র নির্মাণ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি লেখেন, ‘মহাকাশে তথ্যকেন্দ্র নির্মাণের ধারণাটি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ পরে নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমার নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশ লেজারগুলো এবার কাজ করেনি।’
সাম্প্রতিক বছরগুলোতে মাস্কের বসবাসের রাজ্য টেক্সাস প্রযুক্তি বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের ফলে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য তথ্যকেন্দ্রের চাহিদা বেড়েছে।
গভর্নর গ্রেগ অ্যাবট প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে টেক্সাসে তথ্যকেন্দ্র নির্মাণে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করেছেন। তবে বিভিন্ন অঙ্গরাজ্যে এসব কেন্দ্র নির্মাণ নিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে।
অনুসন্ধানী সংবাদমাধ্যম হান্টারব্রুক মিডিয়ার প্রকাশক স্যাম কোপেলম্যানের মতে, এবারের নির্বাচনের ফল টেক্সাসের প্রযুক্তি বিনিয়োগের পরিবেশে পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, অন্যান্য অঙ্গরাজ্যে তথ্যকেন্দ্র নির্মাণ নিয়ে আপত্তি থাকলেও টেক্সাসকে এআই শিল্পের জন্য বিশেষ সুবিধাজনক স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। নির্বাচনের ফল সেই পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় মাস্কের রাজনৈতিক জবাবদিহির বিষয়টিও সামনে আসতে পারে। ডেমোক্র্যাটদের একাংশ প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের কংগ্রেসে তলব করে তাদের কার্যক্রম সম্পর্কে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।
টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ কাসার বলেন, এআই খাতের ধনকুবেরদের অর্থায়নে পরিচালিত রিপাবলিকানদের নির্বাচনী প্রচার ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। তার মতে, ডেমোক্র্যাটদের উচিত এসব ধনকুবেরের কাছ থেকে অনুদান না নিয়ে তাদের জবাবদিহির আওতায় আনা।
সব মিলিয়ে, নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেও মাস্ক তার সমর্থিত প্রার্থীদের বড় অংশকে জয়ী করতে পারেননি। একই সঙ্গে টেক্সাসে তার এআই অবকাঠামো নির্মাণ এবং প্রযুক্তি খাতে ভবিষ্যৎ বিনিয়োগের পরিকল্পনা নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: পলিটিকো
