ডেস্ক রিপোর্ট:ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জনই প্রাণ হারিয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো বিমান হামলায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে খান ইউনিসের পশ্চিমাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগের দিন বুধবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা ও গুলিতে আরও কয়েকজন নিহত হন। গাজা সিটির আল-সাবরা, আল-নাসর এবং মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের আশপাশে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া গাজার শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল-জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, গাজার সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজন মেটাতে গিয়েও হামলার শিকার হচ্ছেন। পানির ট্যাংকে পানি ভরতে যাওয়া এক ব্যক্তি ড্রোন হামলায় নিহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে ইসরায়েলি হামলার পাশাপাশি ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন গাজার বাস্তুচ্যুত মানুষ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে।
এ পরিস্থিতিতে বন্যার ঝুঁকিতে থাকা কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ভিত্তিতে জলরোধী তাঁবু সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
