ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় ২০ শতাংশ মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধে ব্যয় হয়। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে দেয়। বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায় কর ব্যবস্থার এই বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি পরিচালনা করেছেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
গবেষণায় দেখা যায়, শহরের তুলনায় গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ আরও বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট পরিশোধে ব্যয় হয়। অন্যদিকে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শ্রেণির কাছ থেকে আসার কথা। অন্যদিকে নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই।
তবে বাস্তবে দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন দাখিলের হার কম। ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ।
অনুষ্ঠানে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। সমপরিমাণ আয়ের ওপর সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থায় বৈষম্য কমবে ও রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো পর্যালোচনা করছে। তিনি বলেন, চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের মালিকদের কাছে কর পরিশোধের মতো নগদ অর্থ নাও থাকতে পারে—এ বিবেচনায় নতুন সম্পদ করের পরিবর্তে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।
