ডেস্ক রিপোর্টঃ প্রায় তিন দশক ধরে “ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা” নামে পরিচিত দেশের সবচেয়ে বড় বাণিজ্য প্রদর্শনী এবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর থেকে মেলাটির নাম হবে শুধু ঢাকা বাণিজ্য মেলা।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, মেলায় বিদেশি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণ খুবই সীমিত হয়ে পড়েছে। অনেক বিদেশি ব্র্যান্ড সরাসরি না এসে স্থানীয় এজেন্টের মাধ্যমে অংশ নিচ্ছে, ফলে পণ্যের মান যাচাই করা কঠিন হয়ে পড়ছে এবং ‘আন্তর্জাতিক’ ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “নামে আন্তর্জাতিক হলেও বাস্তবে এটি আন্তর্জাতিক নয়। তাই নাম পরিবর্তন করা হচ্ছে।”
তবে আশার খবর হলো—বিদেশি প্রতিষ্ঠানগুলো চাইলে নতুন নামের অধীনে আয়োজিত ঢাকা বাণিজ্য মেলাতেও অংশ নিতে পারবে। পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো আসছে নভেম্বরে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ নামে একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজন করবে, যা সত্যিকার অর্থেই বৈশ্বিক ক্রেতাদের সামনে বাংলাদেশের পণ্য উপস্থাপন করবে।
