ডেস্ক রিপোর্ট:ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ প্রণালি। এ জলপথের ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা হয়েছে।
গালিবাফ বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের বিধান এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর দাবি, প্রণালিটির নিয়মকানুন তীরবর্তী দুই দেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।
শান্তির জন্য সাত দফা শর্ত
ইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছে তেহরান। শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে সংঘাত বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।
এসব শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত শর্ত না চাপালে এবং সমঝোতা মেনে চললে চুক্তিতে পৌঁছানো সম্ভব।
আস্থার সংকট আলোচনার প্রধান বাধা
গালিবাফের মতে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবই চুক্তি চূড়ান্ত করার পথে সবচেয়ে বড় বাধা। তিনি আরও জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন।
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে আরও একটি পরাজয়ের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন গালিবাফ। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা
