ডেস্ক রিপোর্টঃ এশিয়া কাপ ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা হয়নি পাকিস্তানের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শেষবার তারা টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
হেড কোচ মাইক হেসন জানান, বাবরের স্ট্রাইক রেট ও স্পিনারদের বিপক্ষে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। এজন্য তিনি আসন্ন বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার মাধ্যমে প্রস্তুতি নেবেন।
অন্যদিকে পাকিস্তান নতুন ব্যাটার সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান ও ফখর জামানকে সুযোগ দিয়েছে। দলে রয়েছেন নতুন পেসার সালমান মির্জা ও মোহাম্মদ ওয়াসিম।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহতে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।
