মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি। ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্টঃ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। শ্রমিকদের কর্মবিরতি ও নিরাপত্তা শঙ্কায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকদের কর্মবিরতিকে কেন্দ্র করে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে।
সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
