তাহসিফ সাউরি হত্যা মামলায় আসামি দীপের রিমান্ড শুনানি। ছবি: ঢাকাচ্যাট
ডেস্ক রিপোর্টঃ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানির সময় এজলাস থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন বিচারক। এ ঘটনায় আদালতকক্ষে সাংবাদিকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে শুনানির আগে এ ঘটনা ঘটে। শুনানির শুরুতে এজলাসে সাংবাদিকদের উপস্থিতি দেখে বিচারক তাদের উদ্দেশে বলেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন? শুনানির পর পিপি-এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা থাকতে পারবেন না।’
এ সময় পুলিশকে উদ্দেশ করে বিচারক বলেন, ‘সব ক্লিয়ার করেন, কেউ থাকবে না ভেতরে।’ পরে সাংবাদিকেরা এজলাসের পেছনে এক পাশে গিয়ে অবস্থান নেন। এরপর শুরু হয় শুনানি।
এ বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও সাবেক জেলা জজ শাহজাহান সাজু বলেন, মামলাটি ক্যামেরা ট্রায়াল নয়, বরং ওপেন ট্রায়াল। তাই শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষও আদালতে উপস্থিত থাকতে পারেন।
তিনি বলেন, সাংবাদিকেরা জাতির দর্পণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উন্মুক্ত আদালতে শুনানি পর্যবেক্ষণের মাধ্যমে তারা বিচারিক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে পারেন। এ কারণে সাংবাদিকদের এজলাস থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া ঠিক হয়নি বলে মত দেন তিনি।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামি দীপের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ৩০ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
