ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
ডেস্ক রিপোর্ট:ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হাবিবুর রশিদ হাবিব বলেন, পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত মানুষ এ বিষয়ে সচেতন হয়ে ওঠে। কিন্তু এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অনেকেই গুরুত্ব দেন না।
তিনি বলেন, চিকিৎসকদের মতে, ডেঙ্গু প্রতিরোধ করা যতটা সহজ, আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা তার চেয়ে কঠিন। তাই নিজেদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজনন ও বিস্তার রোধে সচেতন হওয়া জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার নতুন বাংলাদেশ, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে। প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সম্মিলিতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব।
মুগদা হাসপাতালে চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় হাসপাতালটি মূলত স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার ভরসাস্থল ছিল। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে চিকিৎসাসুবিধা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার সুযোগও সম্প্রসারিত হয়েছে।
তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ হাসপাতালটির ওপর অনেকটাই নির্ভরশীল। এখানে চিকিৎসা নিতে ব্যর্থ হলে তাঁদের বিকল্প সুযোগ সীমিত। তাই হাসপাতালটি যেন স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সেবা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় জনবল ও সহায়তা নিশ্চিত করতে ড্যাবের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি হাসপাতালটির সুনাম ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
সরকারি দায়িত্ব পালনের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে কেবল তখনই পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সচেতনতা কার্যক্রম নেওয়া উচিত নয়। বরং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের জবাবদিহি রয়েছে। জনগণকে সেবা দিতে সরকার বাধ্য। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে সরকার তাকে ছাড় দেবে না। তাঁরাও দায়িত্ব পালনে অবহেলাকারীদের ছাড় দেবেন না।
