ডেস্ক রিপোর্ট, ঢাকাচ্যাট
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করার লক্ষ্যে সরকার নতুন কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব। দলমত নির্বিশেষে এসব কর্মসূচিকে অগ্রাধিকার দিলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বৃক্ষরোপণ অভিযান এবং ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ রয়েছে। মাছের পোনা অবমুক্তকরণও এসব কর্মসূচির অংশ।
এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন। বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, খালটি কচুরিপানায় ভরে গিয়েছিল। পরিষ্কার করার পর পানির প্রবাহ স্বাভাবিক হয়েছে। এর ধারাবাহিকতায় সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।
