ডেস্ক রিপোর্ট, ঢাকাচ্যাট
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে পুনরায় সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ অঞ্চলের জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে ভুটানের সমর্থন চাওয়া হয়েছে।
শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে বাংলাদেশের পক্ষ থেকে এ সহযোগিতা চাওয়া হয়।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তারা একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।
সংক্ষিপ্ত আলাপকালে বাংলাদেশের মন্ত্রীদ্বয় ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।
এ সময় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও জানানো হয়।
আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় উঠে আসে। একই সঙ্গে ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করা হয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
