ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব এবং দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু। দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. সাগর জানান, একটি লাল রঙের বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে প্রথমে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
