ডেস্ক রিপোর্ট: রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই সেলুনে আগুন ছড়িয়ে পড়লে কর্মী ও গ্রাহকরা দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া অন্যদের শরীরের বিভিন্ন অংশে ১ থেকে ২১ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
