নিজস্ব প্রতিবেদক: মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের অবিলম্বে এ পথ থেকে সরে আসতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কেউ বিপদে পড়লে উদ্ধারের জন্য তার পক্ষে কোনো ধরনের তদবির বা সহায়তা করা হবে না।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাদের সেই প্রভাব স্থায়ী নয়। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় নারীর ক্ষমতায়নের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সরকার নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে অনেক নারী সংসারের প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে সঞ্চয়ও করতে পারছেন।
তিনি বলেন, একজন মা আর্থিকভাবে স্বাবলম্বী ও সচেতন হলে পরিবারকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এতে সন্তানদের শিক্ষা নিশ্চিত হয় এবং একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। এ কারণে নারীদের এই সহায়তাকে সরকারের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন তিনি।
