নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধে দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ মোট ছয় জেলায় সোমবার (২২ জুন) থেকে সেনাবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি আগামী ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
