ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আহ্বান জানান।
বক্তব্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণার সমালোচনা করেন। রফিকুল ইসলাম জামাল বলেন, কোনো রাজনৈতিক দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ থাকলেই তা ইসলামের প্রতিনিধিত্ব করে না। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় দলটির কিছু প্রার্থী বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের শামিল।
ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের একটি বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ভোটের বিনিময়ে মানুষের জন্য বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের প্রচারণা ধর্মীয় মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে।
এদিকে একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেখানে নামাজ, কোরআন তিলাওয়াত ও ধর্মীয় শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। কোনো রাজনৈতিক দল যেন মসজিদে সভা-সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রেজা আহমেদ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি খোলা মাঠ বা নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে পারে, তাহলে কোনো দল মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে না। তিনি মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
