ডেস্ক রিপোর্ট: পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ সারাদেশে মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ-এ মুসল্লিদের ঢল নামে।
বেলা সোয়া ১২টার পর থেকেই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের আগমন বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে রোজাদাররা জুমার নামাজ আদায় করতে আসেন। মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় অনেককে সিঁড়ি, বারান্দা এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।
রমজান মাস মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের প্রতিটি জুমার গুরুত্ব অন্য সময়ের তুলনায় অনেক বেশি বলে ধর্মপ্রাণ মুসল্লিরা মনে করেন। তাই রমজানের জুমার জামাতে অংশগ্রহণও অন্যান্য সময়ের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পায়।
এদিন প্রখর রোদ উপেক্ষা করেই মুসল্লিরা নামাজে অংশ নেন। খুতবায় রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
