ডেস্ক রিপোর্ট: দেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই বিশেষ ভোটগ্রহণ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত চলে। এ সময় নিবন্ধিত ৫ হাজার ৯৯০ জন বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাকি বন্দিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এই ভোটগ্রহণের পাশাপাশি বন্দিরা চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। কারা কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে ভোটাধিকার বাতিল হবে।
এই ঐতিহাসিক প্রক্রিয়ায় কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দিও অংশ নিচ্ছেন। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাই-প্রোফাইল বন্দির মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক।
কারা অধিদপ্তর জানায়, নিবন্ধিত বন্দিদের ব্যালট পেপার ডাক বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে এবং সাধারণ ভোটের সঙ্গে যুক্ত করে ফল ঘোষণা করা হবে।
বিশ্লেষকদের মতে, কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি।
