ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে ঐতিহাসিক মাইলফলক: ইসি কমিশনার সানাউল্লাহ
ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং এটি বাংলাদেশের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি ও আইনের শাসন সরাসরি সম্পৃক্ত। শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি, বিদেশি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থানের পরিবেশও এই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার ওপর নির্ভরশীল।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং ভিজিলেন্স টিমকে ঐক্যবদ্ধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে মাঠপর্যায়ে সমন্বয়, সতর্কতা এবং পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের অঙ্গীকার। এজন্য নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম, প্রভাব বিস্তার বা সহিংসতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং জাতির প্রতি অর্পিত একটি বড় আস্থা ও কর্তব্য।
