আশুলিয়ায় লাশ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৫ ফেব্রুয়ারি
ডেস্ক রিপোর্ট: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, বি এম সুলতান মাহমুদ, ফারুক আহমেদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন আমির হোসেন।
মামলায় বর্তমানে গ্রেফতার আছেন আটজন আসামি। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম,
ঢাকা জেলা ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান,শেখ আবজালুল হক, এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
শেখ আবজালুল হক রাজসাক্ষী হয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন এবং শহীদদের পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মামলার আরও আট আসামি পলাতক রয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের লাশ ভ্যানে তুলে আগুন দিয়ে পোড়ানো হয়। সে সময় ঘটনাস্থলে একজন জীবিত থাকলেও তাকেও হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়।
