ভাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চুমরদী ইউনিয়নের বাবনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে এক উঠান বৈঠকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের ঘটনা ঘটে। ওই বৈঠকে কয়েকশো গ্রামবাসী দল পরিবর্তন করেন। বৈঠকের সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, যার জেরে পরদিন সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
