ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা, জরুরি সেবা ও দূরপাল্লা নৌযান ছাড়
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে–পরে নির্দিষ্ট নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিন বোট চলাচলে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, তবে নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান এর বাইরে থাকবে।
রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও পরিচয়পত্রধারী দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিচয়পত্রধারী সাংবাদিক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের মতো জরুরি সেবার নৌযান চলাচল এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
নির্দেশনায় বলা হয়, প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য পরিবহন এবং জনসাধারণের একমাত্র যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান ও দূরপাল্লার নৌযানও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।
