মার্ক টালির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারেক রহমান
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় তিনি মার্ক টালিকে সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে স্মরণ করেন।
তারেক রহমান বলেন, মার্ক টালি ছিলেন সৎ, মানবিক ও সত্যের প্রতি নিবেদিত একজন আন্তর্জাতিক সাংবাদিক, যিনি বিবিসির হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষের সংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষার কাহিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। তিনি যোগ করেন, বাংলাদেশের গঠনলগ্নে এবং সংকটকালীন সময়ে মার্ক টালির সংহতি ও সাহসী সাংবাদিকতা অনস্বীকার্যভাবে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং বিবিসিতে তার সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
উল্লেখ্য, ৯০ বছর বয়সে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মার্ক টালি। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেলে ইন্তেকাল করেন।
