প্রতিবন্ধী কোটা ছাড়া সব নিয়োগে মেধার প্রাধান্য চান তারেক রহমান
ডেস্ক রিপোর্ট: বিএনপি সরকার গঠন করলে প্রতিবন্ধীদের জন্য কোটা বহাল রেখে বাকি সব ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের হোটেল রেডিসনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হবে, তবে পাহাড় থেকে সমতল—সব জায়গায় মেধাকে প্রাধান্য দেওয়া হবে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন জরুরি।
এ লক্ষ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান তিনি।এছাড়া পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। দুর্নীতি রোধ প্রসঙ্গে তিনি বলেন, সরকার থেকে কঠোর বার্তা গেলে দেশের অনিয়ম ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
