কুমিল্লায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত, জীবাশ্ম জ্বালানি বর্জনের আহ্বান
ডেস্ক রিপোর্ট: টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে কুমিল্লায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কুমিল্লা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে এইড, দিয়া, প্রত্যয়, ইয়েসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সনাক জেলার সভাপতি অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যক্ষ বিধান চন্দ্র, সেলিম মাওলা, প্রবীর কুমার দত্ত, মো. তাইমূল, মোহাম্মদ আবুল কাশেমসহ অন্যরা।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ দূষণ রোধ ও সবুজ ভবিষ্যৎ গড়তে সৌরশক্তিসহ নবায়নযোগ্য ক্লিন এনার্জির ব্যবহার বাড়াতে হবে।
একই সঙ্গে দূষণ সৃষ্টিকারী জ্বালানি ও দ্রব্য বর্জনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
