ডেস্ক রিপোর্ট: ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি আজ শেষ দিনে গড়িয়েছে।
রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল শুনানি গ্রহণ করছে
।নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, শেষ দিনের শুনানিতে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিল আবেদন এবং পূর্বে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা আপিলগুলোর নিষ্পত্তি করা হবে। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই শুনানি চলবে বলে জানিয়েছে কমিশন।এর আগে, শনিবার শুনানির অষ্টম দিনে কমিশন মোট ১১২টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করে।
এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়।ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, শনিবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ৪৩টি আপিল মঞ্জুর করা হয়েছে, ফলে সংশ্লিষ্ট ৪৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।তিনি জানান, একই দিনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়ের করা ২টি আপিলও মঞ্জুর করে কমিশন। এর ফলে ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হিসেবে গণ্য হবে।অষ্টম দিনের শুনানিতে মোট ৩৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ২৪টি আবেদন রয়েছে।
এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখে, যা আজকের শুনানিতে নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এর আগে, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় জমা পড়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন।
