চাকা ফেটে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে আহত ২
চাকা ফেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেটকারটি উত্তরার দিক থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে মহাখালী লাভ রোডের এক্সিট র্যাম্প পার হওয়ার পর হঠাৎ করে গাড়িটির সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি উল্টে যায়।
দুর্ঘটনার সময় গাড়িতে দুইজন আরোহী ছিলেন। তবে তারা কেউই গুরুতর আহত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।
এই দুর্ঘটনার ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকা থেকে বনানী পর্যন্ত সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ রেকার ব্যবহার করে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেয়। এতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
