পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত
ডেক্স রিপোর্ট: সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে ভোটের সব কার্যক্রম আপাতত বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহামান্য আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন এই দুই আসনে ভোটসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা না করা হয়। সে অনুযায়ী কমিশন পাবনা-১ ও ২ আসনে ভোট প্রস্তুতি, তফসিল সংশ্লিষ্ট কাজসহ সব কার্যক্রম স্থগিত করেছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় ভোট আয়োজন নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখলে তা আইনগত সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করছে কমিশন।
এদিকে ভোট কার্যক্রম বন্ধের খবরে পাবনা অঞ্চলের রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, সীমানা জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত আইনসম্মত ও সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ।
