বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে দলটির সর্বোচ্চ পদ শূন্য হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে খালেদা জিয়ার মৃত্যুতে দলের সাতদিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় স্থায়ী কমিটির বৈঠকের আগে চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করছেন না তারেক রহমান।
শোক কর্মসূচি শেষ হওয়ার পর স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে এবং এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি। দলের গঠনতন্ত্রের ৭-এর (গ) ধারার উপধারা অনুযায়ী, চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সব দায়িত্ব পালন করবেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর একই গঠনতান্ত্রিক ধারায় তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকেই তিনি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। এই ধারাবাহিকতায় এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন।
