ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি-ইউকেএম।
বাসস জানায়, বুধবার কুয়ালা লামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন অধ্যাপক ইউনূস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ অধ্যাপক ইউনূসকে এ সম্মাননা দিয়েছে তারা।
এ উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনূস।
এদিন সকালে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে স্বাগত জানান। এসময় শান্তিতে নোবেলজয়ী ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মালয়েশিয়ার শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সন্তান মুহাম্মদ ইউনূস ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এসময় তিনি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও তিনি পালন করেছেন।
১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৮ বছর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনূস। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা মুহাম্মদ ইউনূসকে দেশের হাল ধরার প্রস্তাব দেয়। তাদের আহ্বানে সাড়া দিয়ে মুহাম্মদ ইউনূস ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।
