ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘোষণা দিয়েছেন তিনি।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিবো।
তিনি আরও বলেন, যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করবো।
নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে। কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে।’
রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘যারা শহিদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন এভাবে জাতীয় ঐক্য হবে না।’
