ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় অর্থ মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, “কালকে হাদির ব্যাপারে বলা হয়েছে, তো আমরা রেডি। এই যে হাদির ব্যাপারে, বাইরে পাঠাবে; কালকে যখন আমাদেরকে মেসেজ দিল; আমরা বলেছিলাম, টাকা-পয়সা কোনো ব্যাপার না। উই উইল গিভ অ্যালোকেশন। যা হোক ওটা ম্যানেজ হয়ে গেছে।”
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য এ স্বতন্ত্র প্রার্থীর চিকিৎসার জন্য কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, “হাদির জন্য যখন বলেছে যে—বাইরে পাঠানো হবে; সো অবভিয়েসলি টাকার ইনভলভমেন্ট আছে।
“অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি যে, যাই লাগে, হয়তো যে হেলিকপ্টার নিতে হবে বা এয়ার অ্যাম্বুলেন্স নিতে হবে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে, বোর্ড যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ।
“এবং অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি। যেকোনো সময় আমরা ইসে (দিয়ে দিব) করব।”
এর আগে, রোববার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের ব্যবস্থা হয়েছে জানায়।
