নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের ১২টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) মহানগর পুলিশ কমিশনার মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।
বদলির আদেশ অনুযায়ী নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।
অফিস আদেশ অনুযায়ী লটারির মাধ্যমে নির্বাচিত ওসিরা নতুন থানায় দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান তিনি।
নতুন পদায়ন পাওয়াদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ মতিহার থানায় এবং দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বোয়ালিয়া মডেল থানার দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া চন্দ্রিমা থানার ওসি মো. আরজুনকে বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি মো. আব্দুল মালেককে রাজপাড়া থানায়, কাটাখালী থানার ওসি মো. আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরীকে কাটাখালী থানায়, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।
অপরদিকে এয়ারপোর্ট থানার ওসি মো. ফারুক হোসেনকে শাহমখদুম থানায়, পবা থানার ওসি মো. ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়, কর্ণহার থানার ওসি মো. মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানায় এবং রাজপাড়া থানার ওসি মো. হাবিবুর রহমানকে কর্ণহার থানায় লটারির মাধ্যমে বদলি করা হয়।
উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “নতুন ওসিরা নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”
