ডেস্ক রিপোর্ট:মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার এবারের আসর শেষ হয়েছে। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন হয়েছেন মিস মেক্সিকো ফাতিমা বশ। আশা জাগালেও শেষ পর্যন্ত মুকুট ছুঁতে পারেননি বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। তবে এতে মোটেও বিচলিত নন তিনি। আগামীর পরিকল্পনা ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন।

নিজের অর্জনে আবেগাপ্লুত মিথিলা জানান, দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানোর সুযোগ তাঁর কাছে গৌরবের। শুধুই বিনোদনজগতের পরিচিত মুখ নন—বাল্যবিবাহবিরোধী প্রচারণা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও কাজ করছেন তিনি। ২০২০ সালেও জাতীয় পর্যায়ে একই মুকুট জিতেছিলেন; তবে মহামারির কারণে আন্তর্জাতিক আসরে যেতে পারেননি। পাঁচ বছর পর আবারও শিরোপা পেয়ে তিনি ‘দ্বিগুণ আনন্দিত’ বলে জানান। বিজয়ের মুহূর্তটি তিনি উৎসর্গ করেন তাঁর মাকে।
দেশে ফেরার আগেই মিথিলা জানিয়ে দেন তাঁর নতুন পরিকল্পনা—এবার নিয়মিতভাবে সিনেমায় অভিনয়ে মন দিতে চান তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন ভারতের পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ ছবিতে।

মুকুট না জিতলেও দর্শকের ভালোবাসা, পিপলস চয়েজে ভালো অবস্থান, এবং ক্লোজডোর ইন্টারভিউয়ে ১২১ দেশের মাঝে পঞ্চম হওয়াকে তিনি নিজের বড় অর্জন মনে করেন। তাঁর ভাষায়—“মিস ইউনিভার্স আমাকে বদলে দিয়েছে”—সময়ের ব্যবহার, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা—সব ক্ষেত্রেই নতুন অভিজ্ঞতা পেয়েছেন তিনি।
এবারের প্রতিযোগিতা ঘিরে নানা বিতর্কও ছিল। প্রতিযোগিতা শুরুর আগেই মেক্সিকোর ফাতিমা বশ অপমানিত হওয়ার অভিযোগ তোলেন, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তাছাড়া চূড়ান্ত ফল ঘোষণার তিন দিন আগে দুজন বিচারক পদত্যাগ করেছেন, একজন নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।সব বিতর্ক পেছনে ফেলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন ফাতিমা বশ। প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবিনার সিং।
