ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হ্যাঁ-না’ পোস্টের জোয়ার চলছে। গণভোটকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন এক অনলাইন প্রচারণা—কেউ ‘হ্যাঁ’-এর পক্ষে, কেউ বা ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকে নিউজফিডজুড়ে ছড়িয়ে পড়েছে এমন অসংখ্য পোস্ট ও ছবি, যেগুলোর বেশিরভাগেই কারণ উল্লেখ নেই।
জানা গেছে, গণভোটের বিরোধিতা করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘না’ প্রচারণা শুরু করেছেন। এর বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ প্রচারণা চালাচ্ছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ পোস্ট দিয়েছেন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লিখে পোস্ট করা হয়েছে।
এরই মধ্যে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে তিনি এ তথ্য জানান।
এর আগে, সকালে একই সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই: নাহিদ
Find us on Facebook
