ডেস্ক রিপোর্ট: ঢাকা জেলার মানুষের গড়ে মাথাপিছু আয় বর্তমানে ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার, যা জাতীয় গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর হিসাব অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ ডলারে।
শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ বা অর্থনৈতিক অবস্থান সূচক প্রণয়নবিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে ঢাকার মানুষের মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি-বেসরকারি খাতের কর্মকর্তারা।
ঢাকা চেম্বারের দেওয়া তথ্যে বলা হয়, বিবিএসের ২০১১ সালের জেলা ভিত্তিক জিডিপি তথ্যের ওপর ভিত্তি করে বিনিয়োগ, ভোগ, ব্যয়, আমদানি, রপ্তানি, আয়তন ও জনসংখ্যা বৃদ্ধির সূচক বিবেচনায় এনে এই হিসাব অনুমান করা হয়েছে। তবে তথ্যের সীমাবদ্ধতা নিয়ে আলোচনায় প্রশ্ন তোলা হয়।
বিবিএসের হিসাবে দেখা যায়, গত মে মাসে জাতীয় মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮২০ ডলারে, যা আগের অর্থবছরের চেয়ে ৮২ ডলার বেশি। তবে বিভাগ বা জেলাভিত্তিক মাথাপিছু আয়ের কোনো সরকারি পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ঢাকার অবদান সবচেয়ে বেশি। রাজধানীকে দেশের আর্থিক ও শিল্পকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত মহাসচিব এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী জানান, দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশই ঢাকা জেলার মাধ্যমে আসে। দেশের মোট পণ্য রপ্তানির ৪০ শতাংশের বেশি হয় এখান থেকে। এছাড়া দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ঢাকার অবদান ৪৬ শতাংশ।
তাঁর মতে, “ঢাকা দেশের অর্থনৈতিক হৃদপিণ্ড। এই জেলার উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি দেশের সামগ্রিক উন্নয়নকেই প্রতিফলিত করে।”
আরও পড়ুন: ছয় দিনে ডলারের দর বেড়ে ১২২ টাকায়
Find us on Facebook
