
রাজধানীর শাহবাগে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আর্থিক লেনদেন নিয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত এক বৈঠকের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তারা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হঠাৎ উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে চেয়ার ও লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মী আহত হন। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ইউসুফকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়।
জানা যায়, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে সহায়তার দায়িত্ব দেন।
অভিযোগ অনুযায়ী, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। এরপর থেকে টাকার দাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। শুক্রবার কনভেনশন হলে উভয়ের মুখোমুখি হলে পুনরায় সংঘর্ষ বাধে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর্থিক লেনদেন নিয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ দলের কেন্দ্রীয় নেতৃত্বের নজর কাড়ছে বলে জানা গেছে।
