ডেস্ক রিপোর্ট: চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে ১১ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসী বাংলাদেশিরা দেশে ১ হাজার ৭১০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে পাঠানো ১ হাজার ৫৩৯ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ২৯৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮ হাজার ৮২ মিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা বজায় থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে। এটি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
