
মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন—এই ধরনের দুর্ঘটনা রোধে দায়ীদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন, ভবিষ্যতে এমন ট্র্যাজেডি প্রতিরোধে আবাসিক এলাকায় শিল্প স্থাপন বন্ধ এবং নগর পরিকল্পনায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ‘আর এন ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা ও পার্শ্ববর্তী রাসায়নিক গুদামে আগুন লাগে। এতে ১৬ জন প্রাণ হারান।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা হিসেবে প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
