
ডেস্ক রিপোর্টঃ জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠিয়েছে। তবে এতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত কোনো সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশন এ সুপারিশগুলো আলাদাভাবে সরকারের কাছে জমা দেবে।
সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত থাকছে। প্রক্রিয়ার বিষয়ে দলগুলোর মধ্যে নীতিগত একমত থাকা সত্ত্বেও গণভোটের সময়, পদ্ধতি ও কাঠামো নিয়ে কিছু পার্থক্য রয়ে গেছে। কমিশন রাজনৈতিক দলগুলোর মত ও বিশেষজ্ঞ পরামর্শ একত্র করে বাস্তবায়নের জন্য সরকারকে প্রস্তাব দেবে।
স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে ৩০টি দল ও জোট ইতোমধ্যে স্বাক্ষরকারী প্রতিনিধির নাম জমা দিয়েছে। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম পর্বে মূল স্বাক্ষর সম্পন্ন হবে এবং দ্বিতীয় পর্বে প্রজেকশন ম্যাপিংয়ের মাধ্যমে সনদ প্রণয়নের পটভূমি তুলে ধরা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি শুধু দলগুলোর মধ্যে ঐকমত্য নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন দিকনির্দেশনা স্থাপন করবে। সনদটি স্বাক্ষরিত হওয়ার পর রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে এটি ভবিষ্যতের রূপরেখা হিসেবে কাজ করবে।
