ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দর অন্তর্ভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল—লালদিয়া, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল—বিদেশি অপারেটরদের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে আগামী ডিসেম্বরে চুক্তি স্বাক্ষর করবে সরকার, বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
তিনি জানান, লালদিয়া টার্মিনাল ৩০ বছরের জন্য, আর এনসিটি ও পানগাঁও টার্মিনাল ২৫ বছরের মেয়াদে বিদেশি কোম্পানিগুলোর হাতে দেওয়া হবে।
রোববার (১২ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
সচিব আরও বলেন, “২০২০ সালে সরকার চট্টগ্রাম বন্দর বিষয়ে একটি বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করেছিল। তাদের প্রতিবেদন সরকার ছয় মাস আগে পেয়েছে এবং তাদের সুপারিশ অনুযায়ী বন্দরের ট্যারিফ বাড়ানো হয়েছে।”
সেমিনারে ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালার সভাপতিত্বে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী এবং বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য যে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সাম্প্রতিক মূল্যবৃদ্ধি দীর্ঘদিনের বিলম্বিত সমন্বয় হিসেবে দেখা হচ্ছে। ১৯৮৬ সালের পর থেকে বন্দরের ডলার-ভিত্তিক হার না বাড়লেও টাকার মান কমে যাওয়ায় সিপিএর আয় ইতোমধ্যে বহুগুণ বেড়ে গেছে।
আরও পড়ুন: ১০ কোটি ৭০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
আমাদের ইউটিউব চ্যানেল
