ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কিছু মানুষ একাত্তরের ইতিহাস বিকৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, “একাত্তরের যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছি, আর সেই স্বাধীনতার কারণেই আজ নতুনভাবে চিন্তা ও সংগ্রাম করতে পারছি।”
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।
ফখরুল বলেন, কিছু দল ও ব্যক্তি বিএনপিকে দায়ী করে জনগণকে বিভ্রান্ত করছে। “হঠাৎ করে পিআর পদ্ধতির কথা বলে জনগণকে জড়িয়ে ফেলা হচ্ছে, যা মানুষ বোঝে না। এর উদ্দেশ্য কেবল নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করা এবং জনগণের ক্ষমতা ফেরাতে দেরি করা,”— যোগ করেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতি মেনে নেবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এ প্রতিশ্রুতি সরকারকেই রক্ষা করতে হবে। জনগণ সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার প্রত্যাশা করছে।”
ফখরুল আরও বলেন, “আমরা দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি। ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরতন্ত্রকে হটানো সম্ভব হয়েছে। এখন গণতন্ত্রে ফেরার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি যেন হারিয়ে না যায়।”
তিনি অভিযোগ করেন, “প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি—বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, তারা সব সময় সঠিক পথেই এগিয়ে যায়।”
