ডেস্ক রিপোর্ট :বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে সরকার নতুন এক পদক্ষেপ নিয়েছে। এখন থেকে দেশের প্রতিটি ট্রেড লাইসেন্সে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সিস্টেম সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, যেসব খুচরা ব্যবসায়ী বা প্রতিষ্ঠান নতুন ট্রেড লাইসেন্স নেবে বা নবায়ন করবে, তাদেরকে বাংলা কিউআর সংযুক্ত করতে হবে।সরকারি হিসাব অনুযায়ী, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে—যা এতদিন কাগজের নোট মুদ্রণ ও বিতরণে ব্যয় হতো।‘বাংলা কিউআর’ একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে একই কিউআর কোড ব্যবহার করে যেকোনো ব্যাংক অ্যাপ, বিকাশ, নগদসহ অন্যান্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার অ্যাপ থেকে পেমেন্ট করা যাবে। ফলে ব্যবসায়ীদের আর আলাদা আলাদা কিউআর কোড রাখার প্রয়োজন হবে না।এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দেশে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ কে গতিশীল করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করা। এর ফলে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।তবে নির্দেশনা জারি হওয়ার পরও অনেক সিটি করপোরেশন ও পৌরসভা এখনো বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত নয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করা হবে।সরকারের আশা, বাংলা কিউআর বাস্তবায়নের মাধ্যমে নগদ টাকার ব্যবহার কমবে, আর দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে।
