ডেস্ক রিপোর্ট: রাজশাহীর স্থানীয় ভাষা ও শিল্পীদের দিয়ে নির্মিত কাজের মাধ্যমে আলোচনায় আসা পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম এবার বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। এর আগে তার নির্মিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। এবার তিনি বানাচ্ছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’।

‘দেলুপি’ ছবিতে অভিনয় করছেন খুলনার স্থানীয় ও অপেশাদার শিল্পীরা। সিনেমাটি প্রযোজনা করছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। প্রযোজনা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় ছবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

পরিচালক তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। ওই এলাকার মানুষের জীবন, সংগ্রাম ও সম্পর্কের বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে ছবির গল্প লেখা হয়েছে। যদিও এটি কাল্পনিক রূপে উপস্থাপিত, তবুও গল্পটি দেশের যেকোনো অঞ্চলের দর্শকের জীবনের সঙ্গে মিলে যাবে বলে আশা করছেন নির্মাতা।
শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী নির্বাচন—সবকিছুতেই প্রাধান্য পেয়েছে স্থানীয় পরিবেশ ও মানুষ। নির্মাতার ভাষায়, গল্পেই লুকিয়ে আছে সিনেমার আসল শক্তি। মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে বলেন,
“আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র আর প্রতিটি ফ্রেমে রয়েছে মানুষের জীবন ও অনুভূতির প্রতিচ্ছবি। আমার কাছে সত্যিকারের আবেগ ও অনুভূতি তুলে ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” খুব শিগগিরই সিনেমাটির শুটিং শেষ করে মুক্তির ঘোষণা আসবে বলে জানা গেছে।
আরো পড়ুন : আলোচনায় ওয়েব ফিল্ম ‘নয়া নোট’
