ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।”
আগামীকাল শহীদ জেহাদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। শহীদ নাজির উদ্দিন জেহাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই অকুতোভয় ছাত্রনেতার রক্তগাথা আমাদের গণতন্ত্রের নতুন সূচনা করেছিল।”
তিনি উল্লেখ করেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে জেহাদের আত্মত্যাগই ছিল এরশাদবিরোধী গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা। “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে জেহাদের আত্মত্যাগ আজও প্রাসঙ্গিক,” বলেন তারেক রহমান।
তিনি আরও যোগ করেন, “দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের অঙ্গীকার।”
